ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার রাতে তাকে বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বুধবার মরদেহ নাজাফ থেকে পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে, যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের কফিন বহনকারী বিমান নাজাফে পৌঁছানোর পর সেখানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার নাজাফ ও কারবালায় পৃথক জানাজার আয়োজন করা হয়েছে। আয়োজকদের ধারণা, এতে লাখো ইরাকি অংশ নেবেন। ইরাকের শিয়া মুসলিমদের কাছে খামেনি দীর্ঘদিন ধরেই প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। এ উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইরানের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী জানাজার নামাজে ইমামতি করেন। একই জানাজায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যেরও নামাজ অনুষ্ঠিত হয়।
বুধবার মরদেহ নাজাফে ইমাম আলীর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের পবিত্র মাজারে নেওয়া হবে।
খামেনির পূর্ব ইচ্ছা অনুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।