বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডিদের উত্থান ও অজানা অধ্যায় নিয়ে নতুন ড্রামা সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। ইতোমধ্যে সিরিজটির প্রথম নেপথ্য ছবি প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
প্রকাশিত ছবিতে হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডারকে দেখা গেছে কেনেডি পরিবারের কর্ণধার জো কেনেডি সিনিয়রের ভূমিকায়।
ফ্রেডরিক লোগেভালের আলোচিত বই ‘JFK: Coming of Age in the American Century’ অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। প্রথম সিজনে তুলে ধরা হবে ১৯৩০-এর দশকে কেনেডি পরিবারের উত্থানের গল্প।
এতে পরিবারের নয় সন্তানের বেড়ে ওঠা, পারস্পরিক প্রতিযোগিতা, প্রেম এবং নানা ট্র্যাজেডির দিকগুলো ফুটে উঠবে। বিশেষ করে বড় ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয় গড়ে তোলার জন্য তরুণ জন এফ কেনেডির (জেএফকে) সংগ্রাম এই সিজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
সিরিজটিতে ফাসবেন্ডারের পাশাপাশি অভিনয় করছেন লরা ডনেলি, নিক রবিনসন, জোশুয়া মেলনিক ও ওয়াইট রাসেল। এছাড়া ঐতিহাসিক গুরুত্বপূর্ণ চরিত্র যেমন উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং এফবিআই পরিচালক জে. এডগার হুভারকেও দেখা যাবে এতে।
আট পর্বের এই সিরিজের নির্মাণকাজ বর্তমানে লন্ডনে চলছে। শো-রানার হিসেবে আছেন স্যাম শ, আর নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন অস্কারজয়ী পরিচালক টমাস ভিন্টারবার্গসহ অভিজ্ঞ নির্মাতারা।
এখনো কোনো মতামত নেই।