মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী Kangana Ranaut। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নার্সদের ইউনিফর্ম এবং নার্সিং পেশা নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন।
কঙ্গনার মতে, দেশের নার্সদের পোশাকে এখনও ব্রিটিশ আমলের প্রভাব রয়ে গেছে। তিনি বলেন, চিকিৎসকেরা বর্তমানে নিজেদের সুবিধা ও পছন্দ অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা পেলেও নার্সদের ক্ষেত্রে এখনও নির্দিষ্ট ও ঐতিহ্যবাহী ইউনিফর্ম অনুসরণ করতে হয়। গরম কিংবা শীত সব মৌসুমেই একই ধরনের বিদেশি ধাঁচের পোশাক পরতে দেখা যায় তাদের।
ইউনিফর্মের ইতিহাস প্রসঙ্গে কঙ্গনা জানান, নার্সদের পোশাকে ব্যবহৃত ক্যাপ, পিন ও বেল্টের মতো উপকরণ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন নৌবাহিনীর ইউনিফর্ম থেকে প্রভাবিত।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইউনিফর্মে কোনো পরিবর্তন আনা হলে সেটি অবশ্যই নার্সদের প্রয়োজন, স্বাচ্ছন্দ্য এবং মতামতের ভিত্তিতে হওয়া উচিত। তার মতে, নার্সদের সুবিধার কথা বিবেচনা করে ইউনিফর্মে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া যোগ করা গেলে তা ইতিবাচক উদ্যোগ হবে।
এ সময় নার্সিং পেশাকে ঘিরে সমাজের কিছু নেতিবাচক মানসিকতারও সমালোচনা করেন অভিনেত্রী। তিনি বলেন, নার্সদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় এই পেশাকে অযথা যৌনতার সঙ্গে যুক্ত করে দেখা হয়, যা পরিবর্তন হওয়া প্রয়োজন।
সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, তারা অত্যন্ত সম্মান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজটি করেছেন। তার ভাষায়, হাসপাতালের কার্যক্রম সচল রাখতে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও অন্যান্য কর্মীদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রকৃত মূল্যায়নে চিকিৎসকদের পাশাপাশি লক্ষ লক্ষ নার্সের অবদানকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।
সূত্র: এই সময়
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।