এ বছর রাষ্ট্রীয় মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উদযাপনে কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছেও নির্দেশনা পাঠানো হয়েছে।
নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই এবং ঢাকা মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর ও গণযোগাযোগ অধিদপ্তরকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছেও কার্যবিবরণী পাঠানো হয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি সারাদেশেই দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, সমাজকল্যাণ, ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, তথ্যপ্রযুক্তি, প্রবাসী কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও এ আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ের কর্মসূচির পাশাপাশি খাতভিত্তিক বিভিন্ন বিশেষ আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসকে আরও বিস্তৃত পরিসরে উদযাপন করা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।