সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয় ফলক উন্মোচনের মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন, যা কর্মসূচিটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর প্রত্যাশা, খালটির পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।