জামালপুরে চা বিক্রেতা এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুকু (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এদের মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুকু পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী জামালপুর শহরের শাহ জামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন। ২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে শহরের ফৌজদারী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে এই দণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালতের রায়ে প্রত্যেক আসামিকে অর্থদণ্ডের টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।