রাজনৈতিক অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ় অবস্থান দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। একই সঙ্গে জোটের ঐক্য ধরে রাখায় সংশ্লিষ্ট দলগুলোর ভূমিকাকেও তিনি ইতিবাচক হিসেবে দেখেছেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহমুদা মিতু বলেন, জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি কৃতজ্ঞ। জোট রাজনীতির মূল শক্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও প্রতিশ্রুতি, আর এই জায়গাটিতে জামায়াত তাদের অবস্থান অটুট রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার যে অঙ্গীকার ছিল, সেটি বাস্তবায়নে আন্তরিকতা দেখা গেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অনেক বড় রাজনৈতিক দল জোট গঠন করলেও সবসময় সেই অঙ্গীকার বজায় রাখতে পারে না। অনেক সময় জোটের প্রার্থীরা অবহেলিত হন। তবে এই ক্ষেত্রে জামায়াত ব্যতিক্রমী ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ পরিবারের একজন সদস্যকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী দিক। পাশাপাশি অন্যান্য নারী প্রার্থীদের অভিজ্ঞতা ও সক্ষমতার কথাও তুলে ধরে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নারী ও শিশুদের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানিয়ে মিতু বলেন, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জনকল্যাণমূলক আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।