যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের হতাহতের ঘটনা ঘটে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির তৃতীয় সপ্তাহ চললেও সীমান্ত এলাকায় হামলা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে।
অন্যদিকে জাতিসংঘের তথ্যমতে, চলমান হামলায় অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। এছাড়া ১৩০টির বেশি হামলায় স্বাস্থ্যসেবা ও উদ্ধারকর্মীরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলী সাফিউদ্দিন বলেন, প্রতিটি মুহূর্ত আতঙ্কের মধ্যে কাটছে। কখন কোথায় হামলা হবে, তা কেউ জানেন না।
গাজা ও লেবাননে দায়িত্ব পালন করা সার্জন ডা. তাহির মোহাম্মদ জানিয়েছেন, চিকিৎসাকর্মীদের ওপর হামলার ধরণ দুই অঞ্চলেই প্রায় একই রকম। তার ভাষ্য, হাসপাতাল ও মেডিকেল টিমগুলোও এখন নিরাপদ নয়।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে, নতুন করে সংঘাত শুরুর পর থেকে লেবাননে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।