একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করতে গিয়ে চরম চাপে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমন অভিযোগ তুলেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, সেনা সংকট ও অতিরিক্ত দায়িত্বের কারণে বাহিনী ক্লান্ত এবং ঝুঁকির মুখে রয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে লাপিদ দাবি করেন, আইডিএফ তার সক্ষমতার শেষ সীমা অতিক্রম করেছে এবং সরকার পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে ঠেলে দিচ্ছে। তার অভিযোগ, আহত সেনাদের যথাযথভাবে ব্যবস্থাপনা না করে যুদ্ধক্ষেত্রেই ফেলে রাখা হচ্ছে।
এই মন্তব্যের একদিন আগে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও নিরাপত্তা মন্ত্রিসভাকে সতর্ক করে বলেন, আইডিএফ গুরুতর চাপের মধ্যে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাহিনী ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন জানিয়েছেন, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে বাড়তি সেনা প্রয়োজন। তিনি পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও অতিরিক্ত বাহিনীর চাহিদার কথা উল্লেখ করেন।
লাপিদের ভাষ্য অনুযায়ী, রিজার্ভ সেনাদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপানো হয়েছে, ফলে তারা ক্লান্ত হয়ে পড়ছে এবং পর্যাপ্ত শক্তি ছাড়া অভিযান পরিচালনা করতে হচ্ছে। বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বর্তমানে ইসরায়েল ইরান, লেবানন, গাজা ও সিরিয়াসহ একাধিক ফ্রন্টে সামরিক তৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিক সংঘাতে লেবাননে অভিযানের সময় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনাও সামনে এসেছে, যা সেনাবাহিনীর ওপর চাপ আরও বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই বহুমুখী যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে, যা ভবিষ্যতে কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
এখনো কোনো মতামত নেই।