বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে জমকালো সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তুললেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড (IShowSpeed)। ফুটবল, সংগীত ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ৪৮টি অংশগ্রহণকারী দেশের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। তবে মঞ্চে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আইশোস্পিড। ইউটিউবে ৫৮ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা এই তারকা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অন্তর্ভুক্ত নিজের গান ‘চ্যাম্পিয়ন্স’ পরিবেশন করেন।
নিয়ন রঙের পোশাক পরা নৃত্যশিল্পীদের সঙ্গে তার প্রাণবন্ত পরিবেশনা স্টেডিয়ামের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। আলো, সংগীত ও নৃত্যের সমন্বয়ে তৈরি হয় বর্ণিল এক পরিবেশ।
তবে অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক দর্শকের মতে, বিশ্বকাপের মতো বড় আয়োজনের তুলনায় অনুষ্ঠানে সৃজনশীলতার ঘাটতি ছিল। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের মঞ্চে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক।
একজন ব্যবহারকারী এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “এত বড় আয়োজন, কিন্তু সৃজনশীলতার দিক থেকে আরও ভালো হতে পারত।” আরেকজন মন্তব্য করেন, “কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবে, বিশ্বাসই করতাম না।”
সমালোচনা থাকলেও আইশোস্পিডের পারফরম্যান্স বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে এই পরিবেশনা এবারের আসরের অন্যতম আলোচিত সাংস্কৃতিক আয়োজন হিসেবে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।