ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা অনুযায়ী বর্তমান পরিস্থিতি দ্রুতই সমাপ্তির দিকে যাচ্ছে। তিনি মনে করেন, সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় একটি সমাধান আসতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের পদক্ষেপ না থাকলে এত দিনে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত। তার মতে, সেটি হলে বৈশ্বিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ত।
তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলায় ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে দেশটির দীর্ঘ সময় লাগবে। তার হিসাব অনুযায়ী, পুনর্গঠনে প্রায় দুই দশক সময় প্রয়োজন হতে পারে।
তবে এখনো সবকিছু শেষ হয়নি বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার বিষয়, তবে তার ধারণা ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
অন্যদিকে, জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।