যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর আজ রাত থেকেই সব ফ্রন্টে চলমান সামরিক অভিযান বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে ইরান।
রোববার এক বিবৃতিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, নতুন চুক্তির ভিত্তিতে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের ইতি ঘটবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও জানান, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে আগামী ৬০ দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে কেউ চুক্তির শর্ত ভঙ্গ করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।
ভারতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত হয়েছে। তার ভাষায়, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থাকা নৌ অবরোধ শিথিল করার সিদ্ধান্তও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই সমঝোতা নিয়ে ইসরায়েলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব কমানোর লক্ষ্য পুরোপুরি পূরণ করতে পারেনি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।