বৈশ্বিক জ্বালানি বাজার নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট করে বলেছেন, তেলের বাজার সবার জন্য উন্মুক্ত না হলে এর পরিণতি সবারই ভোগ করতে হবে।
সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা কোনোভাবেই বিনামূল্যে পাওয়া সম্ভব নয়। ইরানের তেল রপ্তানিতে বাধা দিয়ে একই সঙ্গে নিরাপদ সরবরাহ প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরেফ বলেন, বর্তমান পরিস্থিতিতে দুটি পথ খোলা রয়েছে। হয় জ্বালানি বাজার সবার জন্য উন্মুক্ত করতে হবে, নয়তো এর প্রভাব বিশ্বব্যাপী বড় ধরনের ক্ষতির কারণ হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বে জ্বালানির দামের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে ইরান ও তার মিত্রদের ওপর চলমান অর্থনৈতিক এবং সামরিক চাপের অবসান জরুরি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।