যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা Human Rights Activists News Agency। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৮১ জনের বয়স ১০ বছরের কম। এছাড়া আহতের সংখ্যা ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে প্রায় ১০০ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি পৃথক হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনার পাশাপাশি চিকিৎসাকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
দক্ষিণ ইরানের একটি স্কুলে বিমান হামলার ঘটনাও সামনে এসেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ঘাঁটির নিকটবর্তী ওই স্কুলে হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও কর্মচারীও ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার জানাজার ছবি ছড়িয়ে পড়েছে।
এদিকে BBC News জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী স্কুলে হামলার অভিযোগ তদন্তের কথা জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযান সম্পর্কে তারা অবগত নয়।
এখনো কোনো মতামত নেই।