বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানিয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ভারতে বাংলাদেশ মিশনের নতুন দুই প্রেস কর্মকর্তা-প্রেস মিনিস্টার সাইদুর রহমান এবং কলকাতার প্রেস সচিব মারুফা আক্তার এর অতীতের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া রয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ হাইকমিশনে নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি ভারত অবগত রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ভারত।
এদিকে সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক সাইদুর রহমানের অতীতের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের খণ্ডিত অংশ ব্যবহার করে কিছু অনলাইন মাধ্যম ও পত্রিকায় বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও জানা গেছে।
ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।
এ ছাড়া আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়েছেন-এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।