মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ডাকটিকিট উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে কিছু দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। এরপর তিনি স্মারক ডাকটিকিটটির আনুষ্ঠানিক উন্মোচন করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা একদিন এগিয়ে আনা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এখনো কোনো মতামত নেই।