যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলমান থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৮ জুন) আদালতের পরিচালনাকারী সংস্থা অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের (এএসপি) ২১ সদস্যের ব্যুরো এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।
এএসপির ব্যুরো এক বিবৃতিতে জানায়, সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত হয়েছে যে সদস্যরাষ্ট্রগুলোর পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত করিম খানকে অবিলম্বে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হবে।
তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, এই সিদ্ধান্তকে চূড়ান্ত রায় হিসেবে দেখা যাবে না এবং এতে মামলার ফলাফল সম্পর্কে কোনো ইঙ্গিত নেই।
আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের দৈনন্দিন কার্যক্রমে এই সিদ্ধান্তের বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।
৫৫ বছর বয়সী করিম খান এর আগে থেকেই অভিযোগের তদন্ত চলার কারণে ২০২৫ সালের মে মাসে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে গিয়ে ছুটিতে ছিলেন। তিনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর আগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন করিম খান। এছাড়া গাজা যুদ্ধ সংক্রান্ত মামলায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেও আলোচনায় আসেন তিনি।
সদস্য রাষ্ট্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য শিগগিরই একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।