ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে ঘটে।
পুলিশ জানায়, তিশা সরকার ময়মনসিংহের মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং গত দুই বছর ধরে কাচিঝুলী এলাকার একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার আগে তিনি ভবনের ছাদে ওঠেন এবং সেখান থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মেসের অন্য বাসিন্দারা ঘুমিয়ে থাকায় ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ বা অন্য কোনো কারণ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।