পূর্বাচলের রূপগঞ্জে গরুর মাংসের নামে বিক্রির জন্য গোপনে ঘোড়া জবাইয়ের চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ১২টি জবাইকৃত ঘোড়া, ২৫টি জীবিত ঘোড়া এবং বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছেন।
স্থানীয় সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র কম দামে ঘোড়ার মাংস সংগ্রহ করে তা গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করছিল। যেখানে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ঘোড়ার মাংস ২৫০ থেকে ৩০০ টাকায় কিনে প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এতে সাধারণ ক্রেতারা না জেনেই প্রতারিত হচ্ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, একটি চক্র ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া ইতোমধ্যে জবাই করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়া ছাড়াও ২৫টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। এছাড়া আগের জবাইয়ের বিপুল পরিমাণ হাড়ও পাওয়া গেছে। অভিযানের সময় একটি মাদী ঘোড়া সেখানেই বাচ্চা প্রসব করে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এর আগেও গত বছরের ১ জুলাই একই এলাকায় ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় প্রশাসন জবাইকৃত মাংস উদ্ধার করে মাটি চাপা দেয়।
এখনো কোনো মতামত নেই।