আগামী কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। তবে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলে কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বর্তমানে জারি থাকা সতর্কতা সংকেতও শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আমবাগানে। এছাড়া যশোরে ৮৯ মিলিমিটার, বান্দরবানে ৮০ মিলিমিটার, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার, সিলেটে ৬৫ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার, সাতক্ষীরায় ৬১ মিলিমিটার, হাতিয়ায় ৫৫ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, আরিচায় ৪২ মিলিমিটার, সৈয়দপুরে ৩৭ মিলিমিটার, ভোলায় ৩৪ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও পাঁচটি জেলায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমলেও গোমতী নদীর পানি কিছুটা বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।