সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আজ (২১ জুলাই) শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দীন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে দীর্ঘ ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে তাকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাস্থলেও নেওয়া হয়।
এদিকে সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন হবে।
তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার ও বিচারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।
আজকের শুনানিতে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।