প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমা (৩২)-কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি হাসপাতালে গিয়ে সীমার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং অন্যান্য রোগীদেরও খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর সীমার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। নবজাতককে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মা বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় মেডিকেল বোর্ড গঠন করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের সব হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া আছে, কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে দ্রুত জানাতে হবে, যাতে প্রয়োজন হলে ঢাকায় এনে চিকিৎসা নিশ্চিত করা যায়।
এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।