শেখ হাসিনাকে নিয়ে হানিফ সংকেতের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মন্তব্য ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার। শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাম্প্রতিক সময়ে “শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট” শিরোনামে একটি মন্তব্য হানিফ সংকেতের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জনপ্রিয় এই নির্মাতা ও উপস্থাপক।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানিফ সংকেত জানান, দীর্ঘদিন ধরেই তিনি তার অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সত্যতা যাচাই ছাড়া কোনো কিছু শেয়ার না করার আহ্বান জানিয়ে আসছেন। তবুও সম্প্রতি তার নামে ছড়ানো কিছু ফটোকার্ড তার নজরে এসেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, এসব ফটোকার্ডে তার উপস্থাপনাশৈলী অনুকরণ করে ছন্দময়ভাবে কিছু কথা লেখা হলেও সেগুলোর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ যাচাই-বাছাই ছাড়াই অনেকেই সেগুলো শেয়ার ও প্রচার করছেন, যা অত্যন্ত দুঃখজনক।
হানিফ সংকেত আরও বলেন, তিনি চার দশকেরও বেশি সময় ধরে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছেন। তার প্রকৃত বক্তব্য কেবল তার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।
তিনি সবার প্রতি অনুরোধ জানান, অজানা বা অবিশ্বস্ত উৎস থেকে আসা তথ্য যাচাই ছাড়া শেয়ার না করতে এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকতে।
এখনো কোনো মতামত নেই।