পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন হাজি দেশে ফিরেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৮৯টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন।
ফিরতি যাত্রী পরিবহনে সবচেয়ে বেশি হাজি বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ১৪ হাজার ৬০ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ফিরেছেন ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন হাজি।
ফ্লাইট পরিচালনার হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মারা যাওয়া ৪৮ বাংলাদেশির মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।
স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৩৯৮ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। ২১ মে শেষ ফ্লাইট দেশ ছাড়ে। হজের আনুষ্ঠানিকতা শেষে এখন ধাপে ধাপে হাজিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।