নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে ভোররাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরের দিকে জালকুড়ি এলাকার সীমা ডাইং কারখানার পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৪টার দিকে সাত থেকে আটজনের একটি দল বাড়িটির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। সে সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নিয়ন্ত্রণে নেয় ডাকাতরা এবং হাত-পা বেঁধে ফেলে।
এরপর আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগীরা জানান, ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।