জাতীয় সংসদে বড় ধরনের নিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছেন সরকার প্রধান। বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি জানান, সরকারি খাতে মোট ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে বর্তমানে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
সরকারপ্রধান জানান, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ উন্নয়ন ও অবকাঠামো গঠনের জন্য একটি কেন্দ্রীয় কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতিটি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা নিশ্চিত করতে এবং দেশে পেপাল সেবা চালুর লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালুর কথাও জানান তিনি। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে।
শিক্ষা ও বিদেশগামী শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটির ভিত্তিতে ঋণ সুবিধা সহজ করা হয়েছে।