সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব উঠেছে সংসদীয় বিশেষ কমিটিতে। যদিও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ তথ্য জানান।
বৈঠকে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশনসহ বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের বয়সসীমা বাড়ানোর বিষয়টি আলোচনা হয়।
এ সময় বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেন। এর জবাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি নিয়ে সব পক্ষের মধ্যে ইতিবাচক মতামত রয়েছে এবং এটি সংসদে নতুন বিল আকারে উত্থাপন করা যেতে পারে।
তবে বর্তমান অধ্যাদেশ অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণে কমিটির সদস্যরা একমত হয়েছেন বলে জানান রফিকুল ইসলাম খান।
এখনো কোনো মতামত নেই।