বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে টানা চার দফায় বাড়ল স্বর্ণের দাম।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বেড়ে এখন প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিন মঙ্গলবার (৩১ মার্চ) ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে। নতুন দর বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকাতেই অপরিবর্তিত রয়েছে।
এখনো কোনো মতামত নেই।