দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং বুধবারও একই দামে বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৪ জুলাই বাজুস সব ধরনের সোনার দাম কমিয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমে হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। তবে সর্বশেষ সিদ্ধান্তে আবারও দাম বৃদ্ধি পেল।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা অপরিবর্তিত রয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৯২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে এবং ৪৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।