গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।
নিহত শাহ জামাল মিয়া মাঝিপাড়া গ্রামের বাসিন্দা এবং জংলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শাহ জামাল নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে এসে তার ওপর হামলা চালায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়।
স্বজনদের দাবি, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচরণ অস্বাভাবিক ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে চাচা শাহ জামালের বিরোধ চলছিল। ঘটনার পেছনে সেই বিরোধের জের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।