পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রবিবার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে আলোচনার সময় কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি সামনে আসে। এতে জ্বালানি সংকট ও রেশনিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আগেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর জন্য জ্বালানি ব্যবহারে যে সীমাবদ্ধতা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, দুই দিন আগে নেওয়া এই সিদ্ধান্ত ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে জরুরি সেবার কাজে কোনো ধরনের জ্বালানি সংকট বাধা হয়ে দাঁড়াবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারের এই পদক্ষেপের ফলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।