মোটরসাইকেলে জ্বালানি নিতে এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে ‘ফুয়েল কার্ড’। জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় এ নিয়ম চালু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র মোটরসাইকেলে জ্বালানি নেওয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে জ্বালানি সরবরাহ করা হবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, জ্বালানি নিতে গেলে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং হেলমেট বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে।
এছাড়া জেলা প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি দেওয়া হবে না। এই কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্লাস্টিক বোতল, ড্রাম বা যেকোনো ধরনের কনটেইনারে জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে নতুন নিয়ম কার্যকর হওয়ার খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক এই নিয়মকে ভোগান্তির কারণ হিসেবে দেখছেন।
এখনো কোনো মতামত নেই।