ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তের এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। রোববার (৫ জুলাই) সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বছরের শেষ দিন পর্যন্ত বিনামূল্যে চালিয়ে যেতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা ইতোমধ্যে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা মনে করছেন, বিনামূল্যে পরীক্ষার সুবিধা চালু থাকলে ডেঙ্গু দ্রুত শনাক্ত করা সহজ হবে। এতে রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত হওয়ার পাশাপাশি জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।