দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বুধবার (২৯ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার থেকে রোববার পর্যন্তও বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার ও রোববার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।