বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। সংস্থাটির এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার দাবি, ‘ফুটবলের আত্মা বিক্রি করার অধিকার ফিফার নেই।’
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে, যা বিশ্বকাপসহ সংস্থাটির বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম পরিচালনা করবে। এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। তবে প্রায় ৪.২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে এর সংখ্যালঘু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে। পুরো উদ্যোগটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ বিলিয়ন ডলার।
ফিফা জানিয়েছে, সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিতে পারে মার্কিন উদ্যোক্তা জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।
এই পরিকল্পনার খবর প্রকাশের পরই কড়া প্রতিক্রিয়া জানায় উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফুটবলের পরিচালনা ও ঐতিহ্য কোনো বাণিজ্যিক পণ্য নয় এবং আর্থিক লাভের জন্য তা বিক্রি করা গ্রহণযোগ্য হতে পারে না।
উয়েফা আরও বলেছে, জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব, খেলোয়াড়, সমর্থক এবং সংশ্লিষ্ট সরকারগুলোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সংস্থাটির ভাষ্য, ফুটবলের মালিক কেউ নয়, তাই এটি বিক্রির অধিকারও কারও নেই।
অন্যদিকে ফিফা দাবি করেছে, এই উদ্যোগ থেকে অর্জিত অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, তৃণমূল ফুটবল, জাতীয় দল, কোচিং কার্যক্রম এবং নারী ফুটবলে বিনিয়োগ বাড়ানোই তাদের লক্ষ্য।
এই প্রস্তাবকে কেন্দ্র করে ফিফা ও উয়েফার দীর্ঘদিনের মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই সংস্থার মধ্যে আগেও একাধিকবার বিরোধ দেখা গেছে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও এই পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, বিশ্বকাপ কোনো সাধারণ বাণিজ্যিক পণ্য নয় এবং এর মালিকানা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা ফুটবলের মূল আদর্শের পরিপন্থী।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।