আসন্ন জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় পরিমাণ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে। ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই সুবিধার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের কাছে যে অঙ্গীকার করে, সরকারে গেলে তা বাস্তবায়নের চেষ্টা করে। লাকসাম এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন বলে আশ্বাস দেন তিনি।
এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আরেকটি পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ কয়েকটি দাবি তুলে ধরেন।
জবাবে তারেক রহমান বলেন, জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। একই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক মনোভাবের কথা জানান তিনি।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই চাঁদপুর সফর করা হচ্ছে।
তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। তবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
দেশ গঠনে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। মানুষ দায়িত্ব নিলে দেশ আরও এগিয়ে যাবে।
শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে চাঁদপুর সফরে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।