সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
সংস্থাটি জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে মন্ত্রী নাকি বলেছেন, “একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে।” তবে এই দাবির কোনো সত্যতা নেই।
বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, শেখ রবিউল আলম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে ‘চ্যানেল আই’ নামের একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) পেজের পোস্টকে বিকৃতভাবে উপস্থাপন করে তা মন্ত্রীর বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং সংস্থাগুলো বলছে, সাম্প্রতিক সময়ে দেশ ও দেশের বাইরে থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধীন ‘বাংলাফ্যাক্ট’ নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরে। একই সঙ্গে তারা গণমাধ্যম ও সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এখনো কোনো মতামত নেই।