দখলকৃত পশ্চিম তীর–এ সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটির পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস জানিয়েছেন, এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতা হতে পারে।
ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিম তীরে চলমান সহিংসতার ঘটনায় জড়িত বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে এবং একটি সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী।
তবে তিনি স্বীকার করেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। ইইউর নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর করতে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন, যা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি।
এর আগে ফেব্রুয়ারিতেও একই ধরনের প্রস্তাব আনা হয়েছিল, তবে হাঙ্গেরি এর আপত্তির কারণে তা অনুমোদন পায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে উদ্বেগের বিষয়। ফিলিস্তিনিদের ওপর হামলা, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।
এ পরিস্থিতিতে ইইউর সম্ভাব্য নিষেধাজ্ঞা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।