শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকলের প্রবণতা আগের তুলনায় অনেক কমেছে। এখন সরকারের মূল লক্ষ্য শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা দূর করা।
বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এ সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধক বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক সমন্বয় জোরদারের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিলুর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সংসদ সদস্য এস এম সরফুদ্দিন সন্টুসহ স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।