দেশের অর্থনৈতিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিনিয়োগ ও পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান ও নতুন ফান্ড ঘোষণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সরে থাকার নীতি অনুসরণ করবে। একই সঙ্গে অর্থনীতিকে দক্ষ ও পেশাদার কাঠামোর মাধ্যমে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বাংলাদেশের বাজারে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে গড়ে ওঠা বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ড উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকার এই তহবিল মূলত সিড, লেট সিড ও সিরিজ এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই প্ল্যাটফর্ম দেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন সুযোগ তৈরি করবে এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।