পহেলা বৈশাখকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে এবার দেখা গেছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। চাহিদা বাড়া এবং সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম পৌঁছেছে অতীতের সব রেকর্ড ছাপিয়ে।
স্থানীয় আড়ত ও সরেজমিন বাজারে দেখা গেছে, এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকা দরে। এতে করে প্রতি মণ ইলিশের দাম দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত।
অন্যদিকে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা, যা মণপ্রতি দাঁড়ায় প্রায় ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকা।
স্থানীয় ক্রেতারা জানান, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া বাঙালির ঐতিহ্য হওয়ায় দাম বেশি হলেও অনেকে বাধ্য হয়েই মাছ কিনছেন।
ব্যবসায়ীরা বলছেন, মেঘনা নদীতে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। পাশাপাশি নববর্ষকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় দাম হঠাৎ বেড়েছে।
আড়তদারদের মতে, বড় ইলিশ স্থানীয় বাজারে কম থাকায় ঢাকা, নারায়ণগঞ্জ ও দাউদকান্দির পাইকাররা বেশি দামে কিনে নিয়ে যাচ্ছেন, যার ফলে স্থানীয় বাজারে সংকট আরও তীব্র হয়েছে।
মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজার মৎস্য আড়তের সভাপতি মাহবুব মিয়াজী বলেন, “নববর্ষ ও সরবরাহ সংকট মিলিয়ে এবার ইলিশের দাম অনেক বেশি। তবে উৎসব শেষ হলে দাম আবার স্বাভাবিক হতে পারে।”
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।