আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
তিনি জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে ভোটের দিনক্ষণ নির্ধারণ করতে হয়। সে কারণেই নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে।
সিইসি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে রাষ্ট্রপতি নির্বাচন এক ধরনের প্রক্রিয়ায় হবে, আর অধিবেশন না থাকলে আইন অনুযায়ী ভিন্ন ব্যবস্থা অনুসরণ করা হবে। এ বিষয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে নির্বাচনের তারিখ চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য সংসদ সচিবালয়ের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-সংক্রান্ত কোনো বিষয় বৈঠকে আলোচনা হয়নি।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।