প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে মৃদু কম্পন টের পান রাজধানীসহ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে। ভূমিকম্পটির অবস্থান ২৭.২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
এর আগে বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি’র তথ্য অনুযায়ী, ওই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩.০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪.৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
সংস্থাটির তথ্য বলছে, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
স্বল্প সময়ের ব্যবধানে দু’দফা কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এখনো কোনো মতামত নেই।