মধ্যপ্রাচ্যের সংঘাতে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ক্রুসহ মোট ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এই বাংলাদেশিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছিলেন।
তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন পরিবারের সদস্য ও স্বজনরা। তারা জানান, হঠাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রিয়জনদের নিয়ে চরম উদ্বেগে ছিলেন তারা। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই মিসাইল হামলার খবর পাওয়া যাচ্ছিল, এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফেরত আসা ব্যক্তিদের অনেক স্বজন ইউএস-বাংলা এয়ারলাইনসের এই বিশেষ ফ্লাইটের খবর পেয়ে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন। কেউ কেউ সেখানেই সেহরিও সেরে নেন।
অবশেষে বিমানটি ঢাকায় অবতরণ করার খবর পেয়ে স্বজনদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। দীর্ঘ উদ্বেগের পর প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়াই তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি।
এখনো কোনো মতামত নেই।