২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে নতুন বিতর্কের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পরও পোডিয়াম ছেড়ে না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জেতে স্পেন। ট্রফি গ্রহণের পর যখন লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, দানি ওলমো ও সতীর্থরা ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের মাঝেই অবস্থান করেন ট্রাম্প।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রফি বিতরণ শেষে ফিফার কর্মকর্তারা তাকে মঞ্চ ছেড়ে দেওয়ার অনুরোধ জানান, যাতে স্পেনের খেলোয়াড়রা স্বাভাবিকভাবে শিরোপা উদযাপন করতে পারেন। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেও ট্রাম্পকে সরে যাওয়ার অনুরোধ করেন।
তবে প্রথমে কিছুটা পাশে সরে দাঁড়ালেও ট্রাম্প পোডিয়াম ত্যাগ করেননি। বরং খেলোয়াড়দের উদযাপনের মধ্যেই অবস্থান করতে দেখা যায় তাকে। এতে অনেকের কাছেই মনে হয়েছে, তিনি যেন বিজয়ী দলেরই একজন সদস্য।
এর আগে ম্যাচ চলাকালে ইনফান্তিনোর পাশে ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। সম্প্রচারে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি তার সামনে আনা হলে তিনি সেটি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং কয়েকবার স্পর্শও করেন। গ্যালারির একাংশ থেকে তখন বিদ্রূপধ্বনিও শোনা যায়।
এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ট্রফি বিতরণ অনুষ্ঠানে একই ধরনের আচরণের কারণে আলোচনায় এসেছিলেন ট্রাম্প। সেবারও চ্যাম্পিয়ন চেলসির খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করে উদযাপনে অংশ নেন তিনি। সেই ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের ট্রফি বিতরণ অনুষ্ঠানে ট্রাম্পের এই আচরণ এবারও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীদের একাংশের মতে, শিরোপা জয়ের মুহূর্তটি সম্পূর্ণভাবে বিজয়ী দলের জন্য ছেড়ে দেওয়া উচিত ছিল।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।