ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে সম্ভাব্য জ্বালানি চাহিদা মোকাবেলায় ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভা।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আওতায় এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন (ইএন৫৯০, ১০ পিপিএম) ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ মেট্রিক টন (ইএন৫৯০ ইউরো-৫, ১০ পিপিএম) ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এখনো কোনো মতামত নেই।