রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে গত তিন দিনে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ৮৮টি মামলা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫, ২৬ ও ২৭ মার্চ এই তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগের পৃথক ইউনিটগুলো অভিযান পরিচালনা করে।
এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে ৮৬৮টি। এছাড়া উত্তরা বিভাগে ৬০৫টি, মিরপুরে ৪৪৭টি, লালবাগে ৪০৩টি এবং ওয়ারী বিভাগে ২৭৭টি মামলা করা হয়।
অন্যদিকে তেজগাঁও বিভাগে ১৯৫টি, মতিঝিলে ১৮৮টি এবং রমনা বিভাগে ১০৫টি মামলা হয়েছে।
অভিযানের সময় বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেল উল্লেখযোগ্য।
এ ছাড়া অভিযান চলাকালে ৯০২টি যানবাহন ডাম্পিং এবং ৪১০টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এখনো কোনো মতামত নেই।