ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশার কথা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ যে সংসদ বসছে সেটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এখান থেকেই গণতন্ত্রের নতুন পথচলা শুরু হবে।
বুধবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি প্রত্যাশিত সংসদের অপেক্ষায় ছিল। আজ সেই সংসদের কার্যক্রম শুরু হচ্ছে। তার মতে, এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে এবং জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হবে।
আজ শুরু ত্রয়োদশ সংসদের অধিবেশন
আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে সংসদ সদস্যরা এ ভাষণের ওপর আলোচনা করবেন।
নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং সংস্কার ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখনো কোনো মতামত নেই।