বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায়। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই তারকা সম্প্রতি আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড হিলটনের নতুন বিজ্ঞাপনে হাজির হয়েছেন। সেখানে তার বেবিবাম্প স্পষ্টভাবে ধরা পড়তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
নতুন বিজ্ঞাপনে নীল রঙের প্যান্টস্যুটে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত লুকে দেখা যায় দীপিকাকে। বিলাসবহুল হোটেলের বিভিন্ন অংশে ঘুরে বেড়ানো ও নাচের দৃশ্যে তার মাতৃত্বের উজ্জ্বল উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।
স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। এমন সময় প্রকাশিত এই বিজ্ঞাপনটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষের নজর কাড়ে। মন্তব্যের ঘরে ভক্তরা দীপিকার প্রশংসায় ভাসিয়েছেন। কেউ তার মাতৃত্বের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করেছেন, আবার কেউ তার নতুন লুকের প্রশংসা করেছেন।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দীপিকা ও রণবীর দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। সেই পোস্টের মাধ্যমে তারা সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
মা হওয়ার পর কর্মজীবন ও পরিবারকে সমান গুরুত্ব দিতে প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার সিদ্ধান্ত নিয়েও আলোচনায় এসেছিলেন দীপিকা। সেই সিদ্ধান্তের কারণে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমা থেকে সরে দাঁড়াতে হলেও বলিউডের অনেক তারকা তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শিগগিরই তাকে শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় দেখা যাবে। এছাড়া পরিচালক অ্যাটলির রাকা সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতেও অভিনয় করছেন তিনি।
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের শুরু হয়েছিল ২০১৩ সালে রামলীলা সিনেমার শুটিংয়ের সময়। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে কোঙ্কনি ও সিন্ধি দুই রীতিতে বিয়ে করেন তারা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।