কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি স্টার লাইন বাস বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুজন নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কারে থাকা পাঁচজনকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশুসহ আরও দুজন মারা যান।
নিহতরা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাম আব্দুল মুমিন, ঝর্ণা, লাবিবা ও আরসাদ।
দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এখনো কোনো মতামত নেই।